বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাঁচ সিটি নির্বাচনে পরাজয়ের পরও সরকারের বোধোদয় হয়নি। বোঝা যাচ্ছে, এরা ক্ষমতার মোহে বোধ-শক্তিও হারিয়ে ফেলেছে। তিনি মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিভিন্ন জায়গায় যে বিল বোর্ড টাঙ্গানো হয়েছে তার কঠোর সমালোচনা করে বলেন, যতই ক্যাম্পেইন, নিত্য-নতুন কলাকৌশল গ্রহণ করুন, কাজ হবে না। জনগণের সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। জনতার অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারকে বিদায় নিতে হবে।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা বলেন, আমাদের ‘বডি ল্যাংগুয়েজ’ ভালো না। তাই বলছি আমাদের ‘বডি ল্যাংগুয়েজ’ দেখার প্রয়োজন নেই, জনগণেরটা দেখুন। জনগণের ‘বডি ল্যাংগুয়েজ’ বলছে তোমরা সরে দাঁড়াও।
ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা ও পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ছাত্রনেতা সিরাজুল ইসলাম সিরাজকে হত্যা চেষ্টার অভিযোগে এই সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সজলের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, দলীয় নেতা নাজিম উদ্দিন আলম, আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে বিলবোর্ড লাগানো হয়েছে। স্বৈরাচারী এরশাদ সরকারও এ ধরনের প্রচারণা চালিয়েছিল; কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান নেয়ায় টিকে থাকতে পারে নি। একইভাবে এই সরকারেরও পতন হবে। তিনি সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ছাত্রদলকে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ওপর চেপে বসে থাকা এই ‘জগদ্দল পাথর’ নামানোর দায়িত্ব ছাত্রদলকেই নিতে হবে।
