মিসরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার একমাস পরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকরা অন্তর্বর্তী সরকার ও মুসলিম ব্রাদারহুডের নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন। তারা চেষ্টা করছেন যাতে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো যায়। এদিকে সমস্যার সমাধানে দেশটির সেনাপ্রধান ইসলামপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস মুরসির দল মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পরপরই মিসরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর ও পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় তার সাথে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত বের্নার্দিনো লিও ছিলেন। ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও মিসরে আশাবাদ তৈরি হয়েছে যে, এই আলোচনা সেখানে সংঘাত বন্ধে সহায়তা করবে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আহমেদ অ্যালাই এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি ইসলামপন্থি কয়েক নেতার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বৈঠকে বলেছেন, দেশের সংকট নিরসনে শান্তিপূর্ণ পদক্ষেপের সুযোগ আছে।
মুরসির সমর্থকদের কায়রোয় অবস্থান কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, পরিস্থিতি গুরুতর না হলে তারা বিক্ষোভকারীদের উপর শক্তি প্রয়োগ করবেন না। ফাহমি বলছেন, সরকার আর মুসলিম ব্রাদারহুডের মধ্যে বিভিন্ন পর্যায়ে সবসময়েই যোগাযোগ রয়েছে। এটা এখন সবাই বুঝতে পারছে যে ঠিক কি করতে হবে আর মিসরের সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছে। কারণ এই নিরাপত্তাহীনতা দীর্ঘ সময় চলতে পারে না। তবে বিক্ষোভে তাদের শক্তি প্রয়োগের কোন ইচ্ছা নেই, যদি না পরিস্থিতি আসলেই ততোটা গুরুতর হয়ে দাঁড়ায়। এই আলোচনা এমন সময় শুরু হলো, যখন মুসলিম ব্রাদারহুডের সদস্যরা কায়রোয় বড় ধরনের দুটি অবস্থান কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন। সমর্থকরা দাবি করছেন যেন মুরসিকে পুনরায় দায়িত্বে বহাল করা হয়। এই দাবিতে গত একসপ্তাহ ধরেই তারা মিসরে বিক্ষোভ করছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের এই কর্মসূচি ত্যাগ করার আহবান জানিয়ে বলছে, তাদের উচিত রাজনৈতিকভাবে বিষয়টির সমাধান করা। এদিকে যেকোনো অবস্থান কর্মসূচি ঠেকাতে পুলিশকে নির্দেশ দেয়ায় আবারো সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। গত ৩ জুলাই মিসরের প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরের সেনাবাহিনী। এরপর থেকে দুই পক্ষের সংঘর্ষে একশজনের বেশি মানুষ নিহত হয়েছেন।
