আজ পবিত্র শবে কদর

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৪
আজ সেই মহিমান্বিত রাত পবিত্র লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে এই একটি রাতের ইবাদত উত্তম। আজ ইফতারের পরই শুরু হবে শবে কদরের রাত। বলা হয়ে থাকে, সূর্যাস্তের পর থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত পুরো রাত হচ্ছে ভাগ্য নির্ধারণের রাত। শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাণী দিয়েছেন। আজকের রাতে আল্লাহ মানব জাতির জন্য অবতীর্ণ করেছিলেন মুক্তির সনদ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ। সর্বশ্রেষ্ঠ রাতের মাহাত্ম্য মহান রাব্বুল আল-আমিন কোরআনে সুরা কদর এর মাধ্যমে বর্ণনা করেছেন। সুরা কদরের মাধ্যমে মানব জাতিকে তিনি বলেছেন, ‘লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর’। এর অর্থ হচ্ছে হাজার মাসের চেয়ে সর্বোত্তম এই রাত। লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাস অপেক্ষা মহিমাময়। মুসলমানের কাছে আজকের এই রাতের ফজিলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবে কদর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জোহর ওয়াজ পরিচালনা করবেন আজিমপুর জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন হেলালী। তারাবীহ নামাজের পর ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। বাদ ফজর মিলাদ, দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে তাঁর বাণীতে বলেছেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করছি। তিনি আরও বলেন, পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। তিনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। পবিত্র শবে কদর উপলক্ষে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক বাণীতে বলেছেন, আমি পবিত্র লাইলাতুল কদরের পবিত্রতায় তিক্ততার বিষবাষ্প দূরীভূত হয়ে সবার আত্মার শুদ্ধি ও শান্তি কামনা করছি। বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণ, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর আল্লাহর অশেষ করুণা বর্ষিত হোক।