সন্ত্রাসী হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চ পর্যায়ের বৈঠক

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৫
আল-কায়েদা ও এর সহযোগী সংগঠনের সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কার কারণে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে গত শনিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারি করে এবং গতকাল .... মুসলিম বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখে। কয়েকটি দেশের কারাগার ভেঙ্গে কয়েক শ’ আল-কায়েদা জঙ্গি পালিয়ে যাওয়ার পর ইন্টারপোলও বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করার পর এ বৈঠক অনুষ্ঠিত হল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জ্যাকেট ন্যাপোলিতানো। হোয়াইট হাউস থেকে জানানো হয়, বৈঠকে সিআইএ, এফবিআই ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধানগণ ও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠকে উপস্থিত ছিলেন না। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এ সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা টিমকে আরব উপদ্বীপে ও সেখান থেকে সম্ভাব্য হুমকির আলোকে মার্কিন জনগণকে রক্ষায় সকল পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও ইয়েমেনে অন্তত দু’দিন তাদের মিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।