পুলিশের উপর ককটেল হামলা জামায়াতের

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৫
জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর ককটেল হামলা চালানো হয়েছে। শনিবার সকালে বগুড়া শহরে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে দুই সিএনজি চালক আহত হয়েছেন। এসময় জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কর্মীরাও ইট-পাটকেল ও ককটেল ছুঁড়ে পাল্টা জবাব দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকোর্টে নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহর জামায়াতের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় শহরের জিরোপয়েন্ট সাতমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্টেশন রোডে হকার্স মার্কেটের সামনে এলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবির কর্মীরা ইট-পাটকেল ও ককটেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ মুহুর্মুহু টিয়ারসেল এবং রাবার বুলেট ছুঁড়লে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিল থেকে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে। তবে কেউ আহত বা গ্রেফতার হয়নি বলে তিনি জানান।