এবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হলে দায় আওয়ামী লীগ-বিএনপির

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৫
সাবেক মন্ত্রী ও এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপিকে অবশ্যই ছাড় দিতে হবে। কারণ তাদের অনড় অবস্থানের কারণেই দেশের রাজনীতি আজ অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এর আগেও এ দুটি দলের একগুয়েমির জন্যই ১/১১ সৃষ্টি হয়েছিল। এবারো যদি একই পরিস্থিতির উদ্ভব হয় তাহলে রাজনীতিবিদদের এর জন্য চরম মাশুল দিতে হবে। আর এর দায় অবশ্যই আওয়ামী লীগ-বিএনপিকে নিতে হবে। গতকাল রবিবার রাজধানীর টিকাটুলী মিতালী বিদ্যাপীঠ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ারী থানা জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওয়ারী থানা জাপা আহ্বায়ক আবু নাছের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, মহানগর জাপা নেতা আমিরুদ্দিন ডালু, সোবহান মিয়া, নাজিম আহমেদ চিশতি, দেলোয়ার সেন্টু, খুরশিদ আহমেদ নোমানী, মোহাম্মদ আলী ভুঁইয়া, নূর আহমেদ মোল্লা, হাবিবুল্লাহ বাহার টিটু প্রমুখ।