চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৫
জেলার জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় আওয়ামী লীগ নেতা রকিবুল হোসেন সুমা (৪৮) মারা গেছেন। জীবননগর-গুরদা সড়কে গতকাল শনিবার সকাল ১০টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় তারা কোনো মামলা করবেন না বলে পুলিশকে জানিয়েছেন। জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান জানান, একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে করে গতকাল সকালে জীবননগর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গুরদা গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হোসেন সুমা। এ সময় ভ্যানগাড়িটি বাড়ভাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান। সাতক্ষীরা প্রতিনিধি: জেলার তালায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় সাকিব (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে তালা উপজেলার মুড়াগাছা গ্রামের আসাদুল গাজীর ছেলে। তালা থানার ওসি এনামুল হক জানান, সাকিব তালা-মুড়াগাছা সড়কের বাড়ির পাশে রাস্তা অতিক্রম করার সময় গতাকাল দুপুরে একটি ইঞ্জিন ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।