দিনাজপুরে ইউপি চেয়ারম্যানের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৬
পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের নির্যাতনে মৃত্যু হয়েছে বিএনপি সমর্থিত আবু সুফিয়ান ওরফে ফকিরের (৪২)। ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা গতকাল রবিবার ভোর থেকে পার্বতীপুর-সৈয়দপুর সড়কে সুফিয়ানের লাশ রেখে অবরোধ করে। নিহতের পিতার নাম মৃত আকবর আলী, বাড়ী বেলাইচন্ডি ইউপির কৈপুলকি গ্রামে। জানা গেছে, আবু সুফিয়ান গত ৩০ জুলাই রাতে তারাবির নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে চেয়ারম্যানের লোকজন তার গ্রামের বাড়িতে জোর করে তুলে নিয়ে যায়। চেয়ারম্যান তাকে নিজেই দড়ি দিয়ে বেঁধে বেদম প্রহার করলে সুফিয়ান ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়। এদিকে, গতকাল ভোর থেকে আবু সুফিয়ানের লাশ সড়কে রেখে বিক্ষুব্ধ জনতা ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী আফিসার রাহেনুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ শওকত আলী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা বেলা সাড়ে ১১টায় অবরোধ তুলে নেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জানতে গতকাল রবিবার বিকেলে মোবাইল ফোন নম্বরে ফোন করলে তিনি তা রিসিভ করেননি।