ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রতিবাদ

কুড়িগ্রামে ৭ ও ৮ আগস্ট রেলপথ অবরোধ

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৬
উপজেলার রমনা মেইল ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে আগামী ৭ ও ৮ আগস্ট রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। গতকাল শনিবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সমন্বয়ক নাহিদ নলেজ। এসময় কমিটির সমন্বয়ক সৌরভ ইসলাম, মমিনুল ইসলাম, প্রভাষক আর কাদের প্রমুখ উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে বলা হয়, রেল কর্তৃপক্ষ কোন ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে গত ১০ জুলাই থেকে নতুন সময় সূচিতে ট্রেন চলাচল শুরু করে। নতুন সময় অনুযায়ী রমনা মেইল ট্রেনটি সকাল ৮:০০ টার পরিবর্তে দুপুর ১:৩০ টায় ও দুপুর ১২:৩০ টার পরিবর্তে ৫:৩০ টায় চালাচল করছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন সরকার যখন জনগণের সেবায় রেলকে চাঙ্গা করার পরিকল্পনা করছে ঠিক তখনই কিছু কর্মকর্তার উদাসীনতার কারণে রেল যোগাযোগকে ধ্বংসের পাঁয়তারা চলছে।