জেলখানা ভেঙ্গে পলায়ন বিশ্বজুড়ে ইন্টারপোলের সতর্কতা

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৭
সম্প্রতি কয়েকটি দেশে জেলখানা ভেঙ্গে বন্দীদের পালানোর সঙ্গে আল-কায়েদা জড়িত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে। ইরাক, পাকিস্তান, লিবিয়ায় জেলখানা ভেঙ্গে বন্দীদের পালানোর ঘটনা উল্লেখ করে সেসব ঘটনার সঙ্গে ইন্টারাপোলের সদস্য দেশগুলোর কোন সম্পর্ক আছে কিনা তা যাচাই করে দেখতে বলা হয়েছে। খবর বিবিসির। এ ধরনের তথ্য থাকলে তা দ্রুত অবহিত করার আহ্বান জানায় ইন্টারপোল। সর্বশেষ ৩০ জুলাই পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তালেবান জঙ্গিরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে জেলখানা ভাঙলে ২৮৪ জন বন্দী পালিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর অভিযোগে আটক অন্তত ৩০ জন আছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বিশ্বব্যাপী ভ্রমণে সতর্কতা জারি করার একদিন পর ইন্টাপোল সতর্ক করলো। আল কায়েদা ও এর সহযোগী জঙ্গি গ্রুপগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় একাধিক হামলা চালানোর পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্র নাগরিকদের সতর্ক করেছে। ওয়াশিংটন ২০টিরও বেশি কূটনৈতিক মিশন আজ রবিবার এবং কোন কোনটি বেশি সময়ের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।