অবশেষে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা শিশু ওয়ার্ড চালু

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৮

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে দীর্ঘদিন পর চালু করা হলো আলাদা শিশু ওয়ার্ড। আগে এ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড ছিল না, যার কারণে রোগীদের চাপ পড়লে হাসপাতালের আসা শিশু রোগীদের স্থান করে দেওয়া হতো মেঝেতে।

মঙ্গলবার শিশু ওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ইফতেখারুল আলম খানসহ (অংকুর) হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) বলেন, উপজেলা পর্যায়ে শিশু রোগীরা খুবই অবহেলিত। তাই অনেক চেষ্টার পর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় শিশুদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছি। হাসপাতালে পর্যায়ক্রমে শিশুদের জন্য আধুনিকমানের সকল চিকিত্সার ব্যবস্থা করা হবে। যাতে করে গরিব-অসহায় পরিবারের শিশুদের হাসপাতালে এসে চিকিত্সা না পেয়ে ফিরে যেতে না হয়। এখন শুধু শিশুদের চিকিত্সার জন্য একজন শিশু সার্জন প্রয়োজন।