রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরায় সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফয়সাল (৮)। সে রায়পুরা পৌর এলাকার থানাহাটি গ্রামের প্রবাসী পল্টু মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছে একই গ্রামের আলিফ নামে ফয়সালের এক সহপাঠী।
ফয়সালের স্বজনরা জানান, ইফতারের কিছুক্ষণ আগে হঠাত্ ঝড় শুরু হয়। এ সময় ফয়সাল ও তার সহপাঠীরা মিলে বাড়ির অঙ্গিনায় আম কুড়াতে বের হয়। এ সময় আম গাছের ডাল ভেঙে তাদের উপর পড়ে। চিত্কারে স্বজনরা ঘর থেকে বের হয়ে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক ফয়সালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
