নেহাত প্রয়োজন না পড়লে পেশাদার নৃত্যশিল্পীদের বাইরে এমনিতেই নাচতে চান না কেউ। তার উপর রোবটের মতো যান্ত্রিক নাচ নাচবার তো প্রশ্নই ওঠেনা। তবে নিজেদের কোনো একটি আয়োজনকে রেকর্ড বইয়ের পাতায় স্মরণীয় করে রাখতে কত কিছুই তো মানুষ করে। কাজেই সে তুলনায় রোবট নাচের বিষয়টিই বা এমন কি! এ কারণে সম্প্রতি একসাথে সবচেয়ে বেশি মানুষের রোবট নাচ দিয়েই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর বন্দোবস্ত করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজ এন্ড ইউনিভার্সিটি রেসিডেন্স হল নামের আমেরিকা ভিত্তিক একটি সংগঠন। আমেরিকার পেনসিলভানিয়ার ইউনিভার্সিটি অব পিটস্বার্গের পিটারসেন ইভেন্টস সেন্টারের এই আয়োজনে সবমিলিয়ে রোবট নাচ নাচেন ২,৫২৪ জন।
