দাম কমল সারফেস প্রো’র

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৫৪
সারফেস আরটি’র পর এবারে সারফেস প্রো’র দামও কমানোর সিদ্ধান্ত নিয়ে মাইক্রোসফট। দ্য ভার্জ-এ প্রকাশিত খবরে জানানো হয়েছে, ১০০ ডলার দাম কমেছে সারফেস প্রো ট্যাবলেট পিসিগুলোর। এর ফলে ৬৪ জিবি স্টোরেজের সারফেস প্রো এখন থেকে বিক্রি হবে ৭৯৯ ডলারে এবং ১২৮ জিবি স্টোরেজের সারফেস প্রো বিক্রি হবে ৮৯৯ ডলারে। আসলে দীর্ঘদিন চেষ্টার পর মাইক্রোসফট ট্যাবলেট পিসির বাজারে ঢুকতে সক্ষম হলেও তাতে খুব বেশি সফল হয়েছে বলা যায় না। সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, গত অক্টোবরে বাজারে নিয়ে আসা এই ট্যাবলেট পিসি থেকে এ পর্যন্ত তাদের রাজস্ব আয় মাত্র ৮৫৩ মিলিয়ন ডলার, যা সারফেস আরটি’র ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টের ৯০০ মিলিয়ন ডলারের তুলনায় কম। এমনকি উইন্ডোজ ৮ এবং সারফেস ট্যাবলেটের জন্য মাইক্রোসফট প্রচারণায় এর চাইতে বেশি অর্থ ব্যয় করেছে। আয়ের হিসাব দিলেও মাইক্রোসফট সারফেস বিক্রির পরিমাণ জানায়নি আনুষ্ঠানিকভাবে। তবে গত মার্চে ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, তখন পর্যন্ত সারফেস ট্যাবলেটের মোট বিক্রির পরিমাণ মাত্র দেড় মিলিয়ন, যা মাইক্রোসফটের প্রত্যাশার প্রায় অর্ধেক।