রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের হরতাল চলাকালে সহিংসতায় পুলিশকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক শিবিরের উপজেলা সভাপতি ও বর্তমান জামায়াত নেতা রবিউল ইসলামকে (২৬) গতকাল সোমবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুর হোসেন জানান, গত ২৮ ফ্রেব্রুয়ারি জামায়াত-শিবিরের হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা পীরগাছা থানার পুলিশ সদস্য মোজাহার আলীকে (৪৮) পীরগাছা রেল স্টেশন এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে।
তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এঘটনায় পীরগাছা থানায় ৬৮ জনের নাম উল্লেখসহ ১২শ’ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন জামায়াত নেতা রবিউল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি।
গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ওসি মকবুল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সৈয়দপুর বাজার নামক স্থান থেকে জামায়াত নেতা রবিউল ইসলামকে আটক করে।
