শার্শার জাল টাকার কারবারিরা সক্রিয়

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫৩
শার্শা উপজেলায় ঈদ সামনে রেখে জাল টাকার ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। শার্শা উপজেলার উলাশি বাজার, বাগআচড়া, কায়বা, গোগা, বেনাপোল, বারপোতা, বাহাদুরপুর, শিকারপুর, গোড়পাড়া, পাকশিয়া, লক্ষণপুর, নাভারণ, জামতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে প্রতিদিন জাল নোটের প্রমাণ পাওয়া যাচ্ছে। এ চক্রটি বাজারে ১০০০, ৫০০ ও ৫০ টাকার জাল নোট ছেড়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতারিত করছে। জানা যায়, বাজারে আসা নতুন ১০০ টাকার নোট কেমিক্যাল দিয়ে ছাপ তুলে সেখানে ১০০০ ও ৫০০ টাকার নতুন জাল ছাপ ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষে সহজে নির্ণয় করতে পারছে না কোনটি আসল এবং কোনটি নকল। ওই সিন্ডিকেটের সদস্যরা কৌশল হিসেবে জাল ৫০০ টাকার নোটের ধরন বদল করতে, পিনের ছিদ্র, ব্যাংকের ভুয়া ছিল এবং অভিনব উপায়ে ময়লার প্রলেপ ফেলে নোটটি ব্যবহূত প্রমাণের চেষ্টা করে থাকে। গত বুধবার উপজেলার জেলেপাড় মোড়ের বাজারে রোকশনা স্টোরের মালিকের হাতে ১টি ৫০০ টাকার জাল নোট ধরা পড়ে। শার্শার বারপোতার মামুন ট্রেডার্সের মালিক জানান, আমাদের বাজারে সপ্তাহে ১/২টা জাল নোট পেয়ে থাকি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো জাল টাকার সিন্ডিকেট সদস্যদের ধরার ব্যাপারে বিভিন্ন পয়েন্টে ঘন ঘন অভিযান চালানো দরকার।