ট্রাম্প-কিম বৈঠকের উদ্দেশ্য এতে ব্যাহত হয়েছে :পিয়ংইয়ং
বিবিসি ও রয়টার্স
যুক্তরাষ্ট্রের জব্দ করা উত্তর কোরিয়ার কার্গো জাহাজটি জরুরি ভিত্তিতে ফেরত চেয়েছে পিয়ংইয়ং। জাহাজ জব্দ করাকে ‘বেআইনি ডাকাতি’ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে, এ ঘটনার মধ্য দিয়ে ট্রাম্প-কিম বৈঠকের উদ্দেশ্যও ব্যাহত হয়েছে।
এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজটি আটকে রাখার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবনার কথা উল্লেখ করেছে, সেই প্রস্তাবনা প্রত্যাখ্যান করছে পিয়ংইয়ং। কেননা, এটি সার্বভৌমত্বের লঙ্ঘন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র বেআইনি ও ভয়ানক কাজ করেছে। তিনি আরো বলেন, এর মধ্য দিয়ে ট্রাম্প-কিম বৈঠকের যে উদ্দেশ্য ছিল, তা ব্যাহত হয়েছে। তাই বিলম্ব না করে যুক্তরাষ্ট্রের উচিত এটি ফিরিয়ে দেওয়া।
গত ৯ মে উত্তর কোরীয় কার্গো জাহাজটি আটক করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিল। ‘ওয়াইজ অনেস্ট’ নামের ওই জাহাজটিকে ২০১৮ সালের এপ্রিলে প্রথম ইন্দোনেশিয়ায় আটক করা হয়। ওই বছর জুলাই মাসে সেটি জব্দ করার আবেদন করে যুক্তরাষ্ট্র। এরপর ইন্দোনেশিয়া জাহাজটিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। এখন সেটি যুক্তরাষ্ট্রের পথে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় দেশ দুইটির মধ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধি পায়। গত মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। এরপর গত ৪ মে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
