জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিলেও বরগুনায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের পোস্টার-ব্যানারে ছেঁয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি। এদের অধিকাংশই আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। তারা ভোটারদের কাছে নিজেদের অবস্থান জানান দিতেই এই প্রচারণা শুরু করেছেন। শুধু শহরেই নয় এলাকার বিভিন্ন হাট-বাজারেও শোভা পাচ্ছে ব্যানার ও পোস্টার।
শহর ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তরুণদের ভিড় বেশি। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের বড় মেয়ে সোহেলী পারভীন মনি, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মশিউর রহমান শিহাব, বাংলাদেশ আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম গাজী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন। তবে ভোটারদের মূল আলোচনায় থাকা সরকার দলীয় বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য দেলওয়ার হোসেনের পক্ষ থেকে এখনো ঈদ শুভেচ্ছা জানিয়ে কোন পোস্টার বা ব্যানার দেয়া হয়নি।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সম্পাদক এসএম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও কৃষক দলের সভাপতি লে. কর্নেল আবদুল খালেক বিরোধীদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রচারণামূলক পোস্টার লাগিয়েছেন।
জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য মতে আগামী সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার টুকু, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মশিউর রহমান শিহাব দলের মনোনয়ন চাইতে পারেন।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সম্পাদক এসএম নজরুল ইসলাম, আমতলী-তালতলী আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদার, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল খালেক বিএনপির মনোনয়ন চাইতে পারেন।
