বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের ২ গ্রুপের সংঘর্ষে আহত ২

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৭
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের ২ গ্রুপের মধ্যে বন্দর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে হাসি বেগম এবং ময়না বিবি নামে ২ পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় বেনাপোল বন্দরে সব ধরনের লোড-আনলোড বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠান খালিদ এন্ড ব্রাদার্সের অফিসসহ ৮টি মোটর সাইকেল, ২০টি বাই সাইকেল ও অফিসের আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। বেনাপোল বন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রাশেদ আলী বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের পাওনা ১০ লাখ টাকা বেতন ও ঈদ বোনাস না দিয়ে বন্দরে নতুন শ্রমিক কমিটি গঠন করে ইউনিয়ন অফিস দখল করার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা নতুন শ্রমিকদের ওপর হামলা করে। ঘটনার এক পর্যায়ে নতুন কমিটির শ্রমিকরা ৮-১০টি বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিকাদারী প্রতিষ্ঠান খালিদ এন্ড ব্রাদার্সের মালিক অহিদুজ্জামান বলেন, শ্রমিক ইউনিয়ন কমিটির কোন মেয়াদ না থাকায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা বেতন ও ঈদ বোনাস পাওনার কথা সঠিক নয়।