কুষ্টিয়ায় একাধিক ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে অবৈধ মেলামেশা ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুল শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্নাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সহকারী কমিশনার রায়হানুল ইসলাম দাবি করেন, তার নেতৃত্বে একটি দল গত শনিবার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করে।
রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, কুষ্টিয়া ডিবি পুলিশের অনুরোধে তারা হেলালকে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দেড় শতাধিক মেয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগীর নাম বলেছেন তিনি। তাদের আটকের চেষ্টা চলছে।
হেলাল কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। একাধিক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ওই বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
হেলাল উদ্দিন বেশ কিছু দিন ধরেই ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তাদের মেলামেশার গোপন ভিডিওচিত্র ধারণ করেন। সমপ্রতি ওই ভিডিওচিত্র শহরে ছড়িয়ে পড়লে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ৭ জুলাই চারজনকে আসামি করে মামলা করে। এদের মধ্যে হাসানুজ্জামানকে ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
গত বৃহস্পতিবার মনিরুল ইসলাম ওরফে মনো নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। মামলার অপর দুই আসামি আলিমুজ্জামান ও শরিফুল বর্তমানে পলাতক রয়েছেন।
