অষ্টম ওয়েজবোর্ড অনুমোদন করেনি মন্ত্রিসভা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫২
সংবাদকর্মীদের বেতন ভাতা নির্ধারণে গঠিত অষ্টম ওয়েজবোর্ড অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। বোর্ডের সুপারিশগুলো পর্যালোচনা করে এটি অনুমোদন দেয়া হবে। এজন্য সংষ্কৃতি মন্ত্রীকে চেয়ারম্যান করে ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার ইফতেখার হায়দার সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানান। ওয়েজ বোর্ড পর্যালোচনার জন্য সংষ্কৃতি মন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটিতে তথ্যমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রয়েছেন। কমিটি সুপারিশ পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খন্দকার ইফতেখার হায়দার সাংবাদিকদের আরো জানান, অষ্টম ওয়েজবোর্ডে সাংবাদিক, প্রশাসনিক কর্মচারি ও প্রেস শ্রমিকের জন্য ১৫টি বেতনক্রম নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বেতনক্রম ৩৪ হাজার ৮৫০ টাকা থেকে ৫৫ হাজার ৮৫০ টাকা এবং সর্বনিম্ন বেতনক্রম ৩ হাজার ৭০০ থেকে ৫ হাজার ৬১৫ টাকা। মন্ত্রিসভার প্রত্যেকেই এ সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে বোর্ডের সুপারিশগুলো আরো পর্যালোচনা করে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অষ্টম ওয়েজবোর্ডে বিদ্যমান মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ঢাকা শহরের ক্ষেত্রে সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারি মূল বেতনের ৭০ শতাংশ পাবেন। আর অন্যান্য স্থানের জন্য ৬০ শতাংশ। সর্বনিম্ন গ্রেডের কর্মচারিরা মূল বেতনের ৭৫ শতাংশ পাবেন। চিকিত্সা ভাতা পাবেন মাসিক ১ হাজার ৫০০ টাকা। এছাড়া ক্ষেত্রমত কারিগরি ভাতা, নৈশ পরিবহন সুবিধা, আউটফিট ভাতা, ধোলাই ভাতা, বদলি ভাতা, আউট স্টেশন ভাতা, যাতায়াত ভাতা, কেমিক্যাল পয়জনিং ভাতা, আনুতোষিক (গ্রাচুয়িটি), আপ্যায়নসহ ইত্যাদি ভাতা পাবেন। এছাড়া মফস্বল সাংবাদিকদের জন্য রিটেইনার ভাতা বাড়িয়ে ৩ হাজার ৫০০ টাকা, যাতায়াত ভাতা দেড় হাজার টাকা এবং চিকিত্সা ভাতা এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এদিকে গতকালের মন্ত্রিসভা বৈঠকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর স্থাপনে ‘পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩’ এর নীতিগত অনুমোদন দেয়া হয়।