ধলেশ্বরী ব্রিজের স্বয়ংক্রিয় টোল প্লাজা চালু হচ্ছে না ঈদের আগে

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫২
ঈদের আগে চালু হচ্ছে না ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর উপর নির্মিত স্বয়ংক্রিয় টোল প্লাজা। এর অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ হলেও অটোমেটিক মেশিন বসানোর কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এবারও ঈদে ঘরমুখো মানুষকে পূর্বের সেই টোল প্লাজায় প্রতি ঈদের মত যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হবে বলে আশংকা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষকে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজায় যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ইজারাদারের অব্যবস্থাপনা ও টোল আদায়ে জনবল স্বল্পতার কারণে টোল সংগ্রহে দেরি করায় এখানে মাওয়াগামী যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে যানজটে পরিণত হয়। ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বের কথা বিবেচনা করে সড়ক ও জনপথ বিভাগ ধলেশ্বরী-১ ব্রিজের নিকট একটি আধুনিক টোল প্লাজা নির্মাণের কাজ গত কয়েক মাস আগে শুরু করেছে। যার অধিকাংশ কাজই প্রায় শেষের পথে। সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন ভুঁইয়া বলেন, টোল বুথ নির্মাণের কাজ প্রায় শেষ হলেও ঈদের পূর্বে এটি চালু করা সম্ভব হচ্ছে না। অটোমেটিক মেশিন সময়মত বিদেশ থেকে না পৌঁছায় এ মেশিনগুলো স্থাপন করা সম্ভব হয়নি। আধুনিক মেশিন, সিসিটিভি ক্যামেরাসহ কম্পিউটারাইজ হবে এ টোল প্লাজা। ৬ লেন বিশিষ্ট এ টোল প্লাজায় ৬টি অত্যাধুনিক এসি টোল বুথ রয়েছে। এ মাসের মধ্যেই এই আটোমেটিক মেশিন বুথগুলো পরীক্ষায় যাবে। তবে আগের টোল প্লাজায় এবার যানজট নিয়ন্ত্রণ করতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।