নগরীর প্রাচীনতম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষার জন্য আহবান জানিয়েছে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষকবৃন্দ কলেজকে সন্ত্রাসমুক্ত করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, সম্প্রতি চিহ্নিত সন্ত্রাসীরা কলেজের নির্মাণাধীন ভবনের জন্য দাবিকৃত চাঁদা না পাওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে। একই সাথে রবিবার সন্ত্রাসীরা কলেজে এসে শিক্ষকদের সভা চলাকালে অশোভন আচরণ করে, অধ্যক্ষকে টেক্সিতে তুলে অপহরণের চেষ্টা চালায় এবং শিক্ষকদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল কবির, উপাধ্যক্ষ মনসুরুল আমিন চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মেহেরুন নেছা, শিক্ষক প্রতিনিধি মোস্তফা মোরশেদ প্রমুখ।
