জার্মানিতে তিরবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু, ফ্ল্যাটে আরো দুই লাশ

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:০৩

বিবিসি

পাসাউ শহরের কাছে বাভারিয়ান হোটেলের একটি কক্ষে মধ্যযুগীয় অস্ত্র ক্রসবো তিরের আঘাতে তিনজনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে সাড়ে ছয়শ কিলোমিটার দূরের একটি ফ্ল্যাট থেকে আরো দুই নারীর লাশ উদ্ধার করেছে জার্মান পুলিশ।

উইটিঙ্গেনের ওই ফ্ল্যাটের নিবন্ধিত বাসিন্দা- ৩০ বছর বয়সী এক নারীর মৃতদেহ বাভারিয়ান হোটেলেই মিলেছিল। শরীরের বিভিন্ন স্থানে তিরবিদ্ধ অন্য দুই নারী-পুরুষের মৃতদেহ হোটেল কক্ষের বিছানাতেই পড়েছিল। এ যুগল একে অপরের হাত ধরেছিলেন। এ তিনজন ছাড়া কক্ষটিতে অন্য কারো উপস্থিতি কিংবা কোনো ধরনের মারামারি-ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।  নিহত ৫ জনের সবাই জার্মানির নাগরিক।

হোটেলের যে কক্ষে তিরবিদ্ধ তিনজনের মৃতদেহ মেলে সেখানে ব্যাগের ভেতর একটিসহ মোট তিনটি ক্রসবো পাওয়া যায়। বিছানায় মৃত পাওয়া যুগলের একজনের বয়স ৫৩; নারীটির বয়স ৩৩। তারা দুইজনই রিনল্যান্ড-পালাটিনাটের বাসিন্দা।

পুরুষটিকে মাথায় দুইটি এবং বুকে তিনটি তিরবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সরকারি কৌঁসুলি ওয়াল্টার ফেইলের। হাত ধরে থাকা নারীটির মাথায় ও বুকে পাওয়া যায় একটি করে তিরের ক্ষত। ‘এ দুইজনের ডবল বেড বিছানার সামনে শুয়ে থাকা অবস্থায় ৩০ বছর বয়সী নারীটির মৃতদেহ পাওয়া যায়। তার গলা ও চিবুকের মাঝ বরাবর ঢুকেছিল একটি তির,’ বলেছেন ফেইলের।  উইটিঙ্গেনের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া দুই নারীর একজন হোটেলে পাওয়া ৩০ বছর বয়সী নারীটির বোন বলে জানিয়েছে জার্মানির একটি দৈনিক।