উনিশ শহরে শনিবার পর্যন্ত মার্কিন মিশন বন্ধ ঘোষণা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৫
সম্ভাব্য জঙ্গি হামলার পূর্ব-সতর্কতা হিসেবে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৯টি শহরে আগামী শনিবার পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার একই কারণে ২১টি দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ছিল। এদিকে ঢাকায় পবিত্র শব-ই-কদর উপলক্ষে আজ মঙ্গলবার এবং পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী রবিবার মার্কিন দূতাবাস ও এর অফিসসমূহ বন্ধ থাকবে। গতকাল সোমবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নতুন হুমকির প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং ব্যাপক নিরাপত্তা সতর্কতার জন্যই আগামী শনিবার পর্যন্ত কয়েকটি দেশে দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রিটেন আগামী বৃহস্পতিবার থেকে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে। এর আগে ব্রিটিশ পররাষ্ট্র অফিস মঙ্গলবার পর্যন্ত ইয়েমেনে তাদের মিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে আলজিয়ার্স, কাবুল, ঢাকা ও বাগদাদে সোমবার পুনরায় মার্কিন দূতাবাস চালু হয় বলে ওয়াশিংটন জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের আবুধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, দোহা, জেদ্দা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলি এবং আফ্রিকার আন্তানানারিভো, বুজুম্বুরা, জিবুতি, খার্তুম, কিগালি ও পোর্ট লুইসে মার্কিন দূতাবাস আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। গত শুক্রবার জারি করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক ভ্রমণ সতর্কতা আগস্টের শেষ পর্যন্ত বলবত্ থাকবে। মধ্যপ্রাচ্যের কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আল কায়েদা ও এর সহযোগী সংগঠন এসব অঞ্চল ও এর বাইরে সন্ত্রাসী হামলার অব্যাহত পরিকল্পনা করছে এবং জঙ্গি সংগঠনগুলো এখন থেকে আগস্টের শেষ অবধি হামলার চেষ্টা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন গণপরিবহন ও পর্যটন কেন্দ্রগুলোতে সম্ভাব্য সন্ত্রাসী হামলা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। রমজান মাসকে ঘিরে আল-কায়েদার এক হামলা পরিকল্পনা সম্পর্কিত তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পৌঁছানোর পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।