ভারতের রাজ্যসভায় যোগ দিলেন শচীন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৭
ভারতের রাজ্যসভার বর্ষাকালীন প্রথম অধিবেশনে যোগ দিলেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। অধিবেশনে শচীনের যোগ দেয়ায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও তেলেঙ্গানা ইস্যুতে অধিবেশন উত্তপ্ত হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংও গতকাল সোমবার অধিবেশন সচল রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। খবর এনডিটিভি’র। শচীন অধিবেশনে প্রবেশ করার পর সকলের দৃষ্টি ছিল তার দিকে। নীল স্ট্রাইপ শার্ট এবং কালো রঙ্গের ট্রাউজার পরিহিত শচীন আসন গ্রহণের আগে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাত্ করেন। গত বছরের এপ্রিলে শচীনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। এ সময় তার স্ত্রী অঞ্জলি দর্শক গ্যালারিতে বসেছিলেন। সংসদ ১০ মিনিটের জন্য মুলতবি করা হলে অনেক সংসদ সদস্য তার সঙ্গে হাত মেলাতে আসেন। পরে শচীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে হাত মেলান। অধিবেশনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করতে সম্মতি দেয়। কিন্তু নিজ দলের সংসদ সদস্যের কারণেই অধিবেশন মুলতবি করতে বাধ্য হন রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। অধিবেশন স্থগিতের পেছনে তেলেঙ্গানা ইস্যুই প্রভাব ফেলেছিল। এসব কংগ্রেস সদস্যের বেশিরভাগই অন্ধ্র প্রদেশের। তারা তেলেঙ্গানা রাজ্য ঘোষণার প্রতিবাদ করেন। সরকার ৪৪টি বিল পাসের পরিকল্পনা করলেও এসব সংসদ সদস্যদের কারণে সেটি সম্ভব হয়নি। লোকসভার বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজও টুইটারে এক বার্তায় জানান, কংগ্রেসের নিজেদের সংসদ সদস্যদের কারণেই রাজ্যসভার প্রথম অধিবেশন ঠিকভাবে চলতে পারেনি।