হাতিয়ায় দুই জলদস্যু বাহিনীর বন্দুক যুদ্ধে নিহত ১

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৭
জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের দানারদোলে মেঘনা নদীর মোহনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার ভোরে জলদস্যু এমরান বাহিনী ও জলদস্যু কালাম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা এক জলদুস্য (৪০) নিহত হন। হাতিয়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এছাড়া জলদস্যু বাহিনীদের রেখে যাওয়া একটি ট্রলার আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার দক্ষিণাঞ্চলে এমরান বাহিনী ও কালাম বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুড়িরচর ইউনিয়নের দানারদোলে মেঘনা নদীর মোহনায় প্রায় ১ ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে। স্থানীয় জেলেরা জানান, এ সময় প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ১ অজ্ঞাতনামা জলদস্যু ঘটনাস্থলে নিহত হলে দুই বাহিনী সদস্যরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত জলদুস্যর কোন পরিচয় পাওয়া যায়নি।