সিলেট-আখাউড়া রুটে শীঘ্রই চালু হচ্ছে ডেমু ট্রেন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৮
সিলেট-আখাউড়া রুটে শীঘ্রই চালু হচ্ছে সিলেট কমিউটার নামে একটি ডেমু ট্রেন। ট্রেনটি চালু হলে এ রুটের যাত্রীরা কম সময়ে ও অল্প খরচে যাতায়াত করতে পারবেন। এ রুটের সবগুলো স্টেশনে ট্রেনটি চলাচলের সময়সূচিও চলে এসেছে। ঈদের পর পরই ট্রেনটি চালু করার জোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সিলেট ও শ্রীমঙ্গল স্টেশন মাস্টার বলেন, এই রুটে যাতায়াত করা যাত্রীদের সুবিধার্থে অত্যাধুনিক এ কমিউটার ডেমু ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ৯৩ আপ ও ৯৪ ডাউন নামের ট্রেনটি সকাল ৭ টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে দুপুর সাড়ে ১২টায় আখাউড়া পৌঁছবে। একই ট্রেন দুপুর ১৩ টা ৪৫ মিনিটে আখাউড়া জংশন থেকে ছেড়ে সন্ধ্যা ১৯ টা ১০ মিনিটে সিলেট এসে পৌঁছবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেমু ট্রেনের উভয় দিকেই ইঞ্জিন থাকবে। চীন থেকে আমদানি করা এ ট্রেনে বসে এবং দাঁড়িয়ে ৩শ যাত্রী ভ্রমণ করতে পারবেন। অপেক্ষাকৃত দ্রুতগতি ও অত্যাধুনিক হওয়ায় কমিউটার ট্রেনে ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। এ ট্রেন সিলেট-আখাউড়া রুটের ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হচ্ছে—আজমপুর, মুকুন্দপুর, হরষপুর, মনতলা, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, সাতগাঁও, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমসেরনগর, লংলা, কুলাউড়া, বরমচাল, মাইজগাঁও ও মোগলাবাজার।