ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তিস্তা ও সীমান্ত চুক্তির বিরোধিতা করে পশ্চিমবঙ্গের উত্তরের ৩ জেলায় ভোট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি; কিন্তু ৩ জেলার মধ্যে মাত্র একটি জেলায় জিততে পেরেছে তার দল তৃণমূল কংগ্রেস। গত ২৫ জুলাই ছিল ওই ৩ জেলায় পঞ্চায়েত নির্বাচন। এর ঠিক ৩ দিন আগে জলপাইগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, তিস্তা ও সীমান্ত চুক্তি হলে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর—এই ৩ জেলার মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। তাই তিনি এই চুক্তির ‘বিরোধিতা’ করে ওই ৩ জেলার মানুষের ভোট চেয়েছিলেন।
ফল প্রকাশের পর দেখা গেছে, কোচবিহার জেলায় তৃণমূল জিতলেও জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে তারা হেরে গেছে। এমনকি উত্তর দিনাজপুরে তারা তৃতীয় স্থান পেয়েছে। উল্লেখ্য, ওই ৩ জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মধ্য দিয়েও তিস্তা প্রবাহিত হয়েছে। যদিও সেখানে প্রধান রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চার তিস্তা চুক্তি নিয়ে বিরোধিতা নেই। তারা গোর্খাল্যান্ড রাজ্য পেলেই খুশি। অন্যদিকে কংগ্রেসসহ পশ্চিমবঙ্গের আরেক বড় রাজনৈতিক দল সি পি এম মনে করছে—তৃণমূল কংগ্রেস জন রায় পেয়েছে। ফলে এবার তাদের বাংলাদেশের সঙ্গে তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়ে আপত্তি প্রত্যাহার করা উচিত।
