পরিকল্পিতভাবে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৯
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসংহতি সমিতির নেতাকর্মীরা মাটিরাঙ্গার ঘটনার প্রতিবাদে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদারের সভাপতিত্বে ও উদয়ন ত্রিপুরার পরিচালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রচার সম্পাদক সজীব চাকমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে ঊষাতন তালুকদার বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে পাহাড়ে অশান্তি সৃষ্ঠি করছে। সাম্প্রদায়িক সংঘাত তৈরি করে পরিবেশ অশান্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে। মাটিরাঙ্গার ঘটনা তারই একটি অংশ বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর সাথে আঁতাত করে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পাহাড়ে ইউপিডিএফ তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এ জন্য সরকারের দ্বীমুখী আচরণকে দায়ী করে ঊষাতন তালুকদার ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি জানান। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।