বাংলাদেশে সক্রিয় ‘ইন্ডিয়ান মুজাহিদিন’!

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২৩:০০
ভারতের ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ আগের তুলনায় ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা ও প্রতিবেশী বাংলাদেশে শক্তিশালী হচ্ছে বলে তথ্য পেয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। গত বছর আসামের বোড়ো অধ্যুষিত এলাকায় দাঙ্গাপিড়ীত লোকজন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা মুসলমানদের মধ্যে তারা ত্রাণ সরবরাহ করেছিলো। এমনকি মুসলমানদের মধ্যে সৃষ্ট ক্ষোভকে তারা কাজে লাগাচ্ছে বলেও গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গতকাল সোমবার ভারতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর জাতিগত সহিংসতার সময় ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় করে। আসামের মসজিদভিত্তিক বড় একটি নেটওয়ার্কের মাধ্যমে তারা এ তহবিল যোগাড় করেছিলো। তারা আসামে কয়েকটি ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। ধুবরির মতো এলাকাতে তাদের কর্মকাণ্ড এখন সক্রিয়। এছাড়া বাংলাদেশের সিলেট অঞ্চলেও তাদের উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে। লস্কর ই তৈয়বার (এলইটি) সহযোগিতায় তারা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে প্রভাব বৃদ্ধি করছে বলে এক গোয়েন্দা কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন। ওই গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, দাঙ্গা এবং সহিংসতার শিকার সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের ব্যর্থতায় তৈরি হওয়া অসন্তোষকে কাজে লাগাচ্ছে তারা। ত্রাণ সরবরাহে নিয়োজিতরা ওই এলাকার কট্টরপন্থী মুসলিম তরুণদের প্রভাবিত করে সংগঠনে টানছে। ‘ইন্ডিয়ান মুজাহিদিনে’র পৃষ্ঠপোষকতায় তাদের বোমা হামলা, অস্ত্র চালনা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আসামের এ ধরনের একটি দল বুদ্ধ গয়ায় বোমা হামলা চালিয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা। এছাড়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, শুধু আসাম নয়, বাংলাদেশের কট্টরপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে চাইছে ‘ইন্ডিয়ান মুজাহিদিন’।