প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় আধা ঘন্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে এবার প্রতি বিষয়ে বইয়ের বাইরে থেকে ২৫ নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। কিন্তু গত প্রথম সাময়িকী ও মডেল টেস্ট পরীক্ষায় দেখা গেছে শিশুরা দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে পারে না। এসব দিক বিবেচনা করে পরীক্ষার সময় বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
আগামী ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। ৩০ মিনিট সময় বাড়ানোর ফলে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
