দেড় লাখ টাকা ঘুষ নেয়ার সময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটককৃত কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। গতকাল সোমবার দুপুরে দুদক কর্মকর্তারা হোটেল পূর্বানী থেকে তাকে আটক করেন। আটকের পর আব্দুল মোতালেবের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মোতালেব মতিঝিল থানায় আটক রয়েছেন।
দুদক সূত্র জানায়, রিয়ালাইন্স ইন্স্যুরেন্স পরিদর্শনকালে অডিটের দায়িত্বে থাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্মৃপক্ষের (আইডিআর) কর্মকর্তা মোতালেব অফিস নথিপত্রে কিছু অনিয়ম খুঁজে পান। এসময় তিনি রিয়ালাইন্স এর শাখা ব্যবস্থাপক মহসিন হোসেনের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন এবং হুমকি দেন টাকা না দিলে অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। এক পর্যায় মোতালেবের সঙ্গে মহসিনের দেনদরবারে ঠিক হয় দেড় লাখ টাকা ঘুষ দিতে হবে। এদিকে পরদিন রিয়ালাইন্সের মহসিন বিষয়টি দুদক কর্তকর্তাদের জানান। দুদক কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী গতকাল দুপুরে মহসিন ঘুষের টাকা নিয়ে হোটেল পূর্বানীতে যান। এরপর মোতালেব এসে মহসিনের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করলে দুদক কর্মকর্তারা ঘুষের টাকাসহ হাতেনাতে মোতালেবকে আটক করেন।
