আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি মিথ্যাচারের মাধ্যমে মানুষের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তা দূর করার জন্য জনগণকে অবহিত করতে আওয়ামী লীগ বিলবোর্ডে এই প্রচারণা চালাচ্ছে। এতে সরকারের উন্নয়নের কিছু তথ্য তুলে ধরা হয়েছে। বিএনপি এ উদ্যোগের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এতে ভুল তথ্য দেয়া আছে তা বলতে পারবে না। হানিফ বলেন, এটা দেখে আপনাদের ভয় পাওয়ার কি আছে? রাজধানীর বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সম্বলিত বিলবোর্ড নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এসব কথা বলেন। হানিফ গতকাল সোমবার দুপুরে শাহবাগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
‘সরকারের জনপ্রিয়তা আর ক্রেন দিয়েও টেনে তোলা যাবে না’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, আপনাদের মিথ্যাচারে জাতির মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা দূর করতেই আমাদের এই প্রচারণা। আমি আপনাকে আশ্বস্ত করে দিতে চাই আওয়ামী লীগকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই।
সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে হানিফ বলেন, তিনি (জয়) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। বঙ্গবন্ধুর দৌহিত্র । তিনি রাজনীতি আসবেন এটাই স্বাভাবিক। তিনি বিদেশে লেখাপড়া করেছেন। সম্প্রতি তিনি দেশে এসে রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। তার মতো মেধাবীরা রাজনীতি আসবেন এটাই স্বাভাবিক।
মাহবুব উল আলম হানিফ আরো বলেন, হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করার পরে জামায়াতে ইসলামের আর নিবন্ধন থাকা উচিত নয়। তিনি বলেন, জামায়াত এখনো পাকিস্তানের ধারক ও বাহক হিসাবে রাজনীতি করছে। তারা এখনো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে পারেনি। তাই তাদের এ দেশে রাজনীতি করার অধিকারও থাকা উচিত নয়।
সংগঠনের সভাপতি এডভোকেট তারানা হালিম এমপি’র সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ড. ইনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কবি হালিম আজাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
