ওয়াশিংটন পোস্ট কিনছেন জেফ বেজোস

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২০:১৪
অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে প্রযুক্তি বিশ্বে সুপরিচিত জেফ বেজোস। তাকে এই প্রজন্মের একজন সফল ব্যবসায় উদ্যোক্তা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়। অ্যামাজনকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে চলা জেফ বেজোস আরও বেশকিছু ছোট কিন্তু সফল উদ্যোগের সাথে সম্পৃক্ত। তার হাত ধরেই অ্যামাজনের ই-বুক রিডার কিন্ডল এবং ট্যাবলেট পিসি কিন্ডল ফায়ার বাজারে সফলতা লাভ করে। অ্যামাজনে সাফল্য লাভের পর এবারে বেজোস ব্যক্তি উদ্যোগেই কিনে নিচ্ছেন জনপ্রিয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট সংবাদপত্র এবং এর সাথে এর প্রিন্ট স্বত্ত্ব কিনতে বেজোস ব্যয় করছেন ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘ ৮০ বছর ধরে গ্রাহাম পরিবারের অধীনে ছিল এই সংবাদপত্র। তবে সময়ের সাথে সাথে তারা এটি চালিয়ে যেতে আগ্রহ হারিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ডোনাল্ড গ্রাহাম তার বক্তব্যে জানান, ‘আমাদের চাইতেও কেউ বেশি সফলভাবে এটি পরিচালনা করতে পারবে কি না, সেটিই আমাদের মূল চিন্তা ছিল। বর্তমান সময়ের চ্যালেঞ্জকে বেজোস সফলভাবে মোকাবেলা করতে সক্ষম, সেটি সে আগেও প্রমাণ করেছে। কাজেই তার কাছে এটি হস্তান্তরের সিদ্ধান্ত আমাদের জন্য সহজ হয়েছে।’