জমজমাট শেষ মুহূর্তের ঈদবাজার

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৩
শেষ মুহূর্তে জেলায় জেলায় জমজমাট ঈদের বাজার। সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনা। অভিজাত বিপণী বিতান থেকে ফুটপাত পর্যন্ত সর্বত্রই চলছে কেনাকাটার ধুম। প্রতিটি দোকানে লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট। লালমনিরহাট: শেষ মুহূর্তে ঈদের বাজার জমে উঠেছে। গ্রাম ও শহরের শিশু ও মহিলা এবং সাধারণ ক্রেতাগণ ঈদের কাপড়, সেমাই, চিনি, প্রসাধনী সামগ্রী কেনার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। বিশেষত ফুটপাতের দোকান ও বিপণী বিতানগুলোতে অধিক ভিড় পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে বেচা-বিক্রি চলছে। এবারে ছোট ছোট ছেলেমেয়েদের কাপড়, জুতা ও অন্যান্য পণ্যসামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ তাদের সন্তানদের চাহিদা মোতাবেক ঈদ সামগ্রী কিনে দিতে হিমশিম খাচ্ছে। দাউদকান্দি (কুমিল্লা) :কুমিল্লার দাউদকান্দি, মেঘনা, হোমনা, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার ও তিতাস উপজেলায় ঈদের বাজার জমজমাট রূপ নিয়েছে। উপজেলার প্রধান প্রধান বাজার দাউদকান্দি সদর, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, রামচন্দ্রপুর, বাতাকান্দি, দেবিদ্বার নিউ মার্কেট, কোম্পানীগঞ্জ বাজারের বিপণী বিতানগুলোতে এখন সকাল-সন্ধ্যা বেচাকেনার প্রচণ্ড ভিড়। দাউদকান্দির অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র গৌরীপুর বাজারে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা খদ্দের প্রচুর। সাধারণ মানুষ সাধ্যের মধ্যে তাদের কেনাকাটা সেরে নিচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে বেচাকেনাও ততই বাড়ছে। এলাকার হাটবাজারগুলোতে মহিলাদের ভিড় লক্ষণীয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও ছিনতাই ঠেকাতে বাজারগুলোতে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) : ঈদের দিনে বর্ণিল সাজে সাজতে পছন্দের পোশাক নিতে ক্রেতারা ভিড় করছেন উপজেলার বিভিন্ন হাট-বাজারের বিপণী বিতানগুলোতে। বিক্রেতারাও নতুন ডিজাইনের মনকাড়া পোশাকের পসরা সাজিয়েছে। উপজেলার কয়েকটি বাজারের বিপণী বিতান সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাপড় ও প্রসাধনী দোকানে ক্রেতাদের ভিড়। তবে পুরুষ ক্রেতার তুলনায় মহিলা ও শিশু ক্রেতার ভিড় বেশি। ক্রেতারা জানায়, তুলনামূলকভাবে শিশুদের পোশাকের দাম বেশি রাখছে দোকানিরা। তাছাড়া গত বছরের চেয়ে এবছর যে কোন জিনিসের দাম বেশি। ঈদ যতই ঘনিয়ে আসছে উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। চাটমোহর (পাবনা):শেষ মুহূর্তে চাটমোহরে ঈদের বাজার জমতে শুরু করেছে। পছন্দের পোশাক নিতে ক্রেতারা ভিড় করছেন বিপণী বিতানগুলোতে। মনকাড়া পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। টেইলার্সগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই আছে। অনেক দোকানে আর অর্ডার নেয়া হচ্ছে না। দর্জিরা দিনরাত কাজ করছেন। বিপণী বিতানগুলোতে ছোটদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। চাটমোহরে শাড়ি ও গহনার দোকানেও বেশ ভিড়। কসমেটিকস দোকানগুলোতে তরুণী ও গৃহিণীদের ভিড় ক্রমেই বাড়ছে। জুতার দোকানগুলো এখন জমজমাট। দোকানি ও কর্মচারীরা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। রকমারি জুতা, সেন্ডেলের পসরা সাজানো হয়েছে। উখিয়া (কক্সবাজার):ঈদে পছন্দের জামা-কাপড়, কসমেটিক সামগ্রী, জুতা, সেন্ডেল ক্রয় করার জন্য মরিয়া হয়ে উঠেছে ক্রেতারা। পাশাপাশি মহিলারা অলংকার ক্রয় করার জন্য স্বর্ণের দোকানে ভিড় করায় সরগরম হয়ে উঠেছে জুয়েলারী মার্কেট। এদিকে শেষ মুহূর্তের কেনাকাটা করার জন্য নারী-পুরুষ, শিশু-কিশোরসহ অনেক মহিলা উখিয়ার মার্কেটগুলোর এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন তাদের পছন্দের কেনাকাটা করার জন্য। নারী-পুরুষের শোরগোল, ছেলেমেয়েদের হৈ-হুল্লোড় ও শিশুদের কান্নায় আনন্দ উত্সবে পরিণত হয়েছে মার্কেটগুলো । ব্যবসায়ীরা জানান, এখানে পণ্যের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতাদের ভিড় বেশি।