সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর জঙ্গল থেকে সাতটি অস্ত্রসহ জলদস্যু আল আমিন গাজীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। আল আমিন গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারক চন্দ্র বিশ্বাস জানান, জলদস্যু নাসির বাহিনীর সদস্য আল আমিন অপহূত জেলেদের মুক্তিপণের টাকা আদায়ের জন্য বাড়িতে অবস্থান করছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ সোরা গ্রামের আল আমিনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী কাঠেশ্বর জঙ্গলে মাটির নীচে বস্তায় মুড়িয়ে রাখা বিদেশি তৈরি চারটি একনলা বন্দুক, দু’টি দোনলা বন্দুক ও একটি রাইফেল (২.২ বোর) উদ্ধার করা হয়।
কালীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, জলদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র উদ্ধার ও জলদস্যু আল আমিনকে গ্রেফতারের ঘটনায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারক চন্দ্র বিশ্বাস বাদি হয়ে মঙ্গলবার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। আল আমিনকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
