সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় গৃহবধূসহ নিহত ৮

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৬
ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে বগুড়ার পাঁচবিবিতে ২, টাঙ্গাইলের ভূঞাপুরে ২, ফেনীর মহিপালে ১, ফরিদপুরের মধুখালীতে এক গৃহবধূ, ঝিনাইদহের কালীগঞ্জে ১ ও দিনাজপুরের বিরামপুরে একজন নিহত হয়। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। পাঁচবিবি (জয়পুরহাট) : সোমবার রাতে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাট-হিলি সড়কে বিজিবি বিশেষ ক্যাম্পের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন হোটেল আল জাসীমের মালিক ইকবাল হোসেনের পুত্র মাহমুদুল ও জয়পুরহাট সদর থানার পুরানাপৈল গ্রামের আমজাদ হোসেনের পুত্র আসলাম । ভুঞাপুর (টাঙ্গাইল) : বঙ্গবন্ধু সেতু পুর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে সোমবার সন্ধ্যায় বজলুর রহমানের লাশ উদ্ধার ও মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামের অপর এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়। নিহত বজলুর রহমানের বাড়ি পাবনা জেলায় ও মোজাম্মেল হকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার খামাক্কি গ্রামে। ফেনী:মঙ্গলবার সকালে মহিপালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজারী রাস্তার মাথায় পিকআপ ভ্যান ও কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কার চালক নিহত ও অপর ২ জন আহত হয়। কার চালকের নাম জাহিদুল ইসলাম। আহত ২ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুখালী (ফরিদপুর) : সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীর রাজধারপুর নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে একটি গাছের সাথে ধাক্কা খেলে যাত্রী গৃহবধূ মনিরা নূর ঝিমি স্বামী মোঃ আনোয়ার হোসেন পারভেজ গুরুতর আহত হয়। তাদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মনিরাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ী যশোর কোতয়ালী থানার কসবা গ্রামে। জানা গেছে নিহত ও আহতরা ঢাকার তালুকদার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী। কালীগঞ্জ (ঝিনাইদহ) : উপজেলার আলাইপুর নামক স্থানে সোমবার রাতে স্যালো ইঞ্চিন চালিত নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস নামে এক মোটর সাইকেল চালক নিহত হন। নিহত আনিস কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে। বিরামপুর (দিনাজপুর) :বিরামপুর টিএন্ডটি মোড়ে মঙ্গলবার ভোরে ট্রাক-কোচ সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়। ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী হানিফ এন্টারপ্রাইজের নাইটকোচ এবং দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকটি দুমড়ে যায় এবং কোচটি উল্টে যায়। এসময় কোচের নিচে চাপা পড়ে শামসুল হক সবুজ নিহত হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামে।