বিআরটিসির এসি বাস চালুর প্রতিবাদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৬
বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর প্রতিবাদে বান্দরবান-ঢাকা রুটে চলাচলকারী অন্যান্য বাস সার্ভিসের স্থানীয় কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে বাস শ্রমিক-এজেন্টদের অন্যায় দাবির বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন যাত্রী সেবা রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ রফিকসহ নেতৃবৃন্দ। সোমবার জেলা প্রশাসন সম্মেলনকক্ষে বিআরটিএ পরিবহন সভায় যাত্রীদের আরামদায়ক নিরাপদ ভ্রমণের সুবিধার্থে বান্দরবান-ঢাকা সড়কে বিআরটিসি দুটি এসি বাস সার্ভিস চালুর অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার বান্দরবান-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা বলা হয়। জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাম জামান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমানসহ বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।