নজীরবিহীন বিদ্যুত্ বিভ্রাট ও লোড শেডিংয়ের প্রতিবাদে সোমবার দুপুরে সহস্রাধিক বিদ্যুত্ গ্রাহক পল্লী বিদ্যুতের গোপালপুর ডিজিএম অফিস ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে। এসময়ে গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শ্লোগান দেয়। ধর্মঘটে অংশ নেয়া গ্রাহকরা অভিযোগ করেন, ইফতার, তারাবীর নামাজ এবং সেহরীর সময় কখনোই বিদ্যুত্ থাকে না। দিনরাত ২৪ ঘন্টায় ৩/৪ ঘন্টার বেশি বিদ্যুত্ থাকে না। বিদ্যুত্ বিভ্রাটের দরুন পানি সরবরাহ প্রায়ই বন্ধ থাকায় পৌরবাসীর জীবন হাঁফিয়ে উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুত্ পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলে গ্রাহকরা স্থান ত্যাগ করে। পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ উপজেলায় বিদ্যুতের চাহিদা ৮ মেগাওয়াট। পিডিবি টাঙ্গাইল ন্যাশনাল গ্রিড থেকে সরবরাহ করে দেড় থেকে তিন মেগাওয়াট। ফলে নজীরবিহীন সংকট লেগেই থাকে।
