নরসিংদীর রায়পুরায় একই দিনে পাশাপাশি স্থানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির দু’গ্রুপ। পাশাপাশি অনুষ্ঠানকে কেন্দ্র করে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা। অবশেষে দলীয় সম্মান ঠেকাতে বিএনপির কেন্দ্রীয় নেতার অনুরোধে এক গ্রুপের আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থগিত রাখা হয়।
জানা যায়, প্রায় সপ্তাহখানেক আগে থেকে পৌর ছাত্রদলের উদ্যোগে রায়পুরা থানা সংলগ্ন কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাঠে সোমবার আলোচনা সভা ও ইফতার মাহফিলের উদ্যোগ নেয় এবং জেলা, উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার শুরু করে। তাদের দাওয়াতে সাড়া দেন সাবেক মন্ত্রী মাঈনুদ্দিন ভুঁইয়া, বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি একে নেছার উদ্দিন, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার অশরাফ উদ্দিন বকুল ও জেলা বিএনপির সহ-সভাপতি ফায়জুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমুখ।
অপরদিকে, একই দিনে পাশাপাশি স্থান রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী জামাল আহমেদ চৌধুরীর সমর্থনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গসংঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল করার জন্যে উদ্যোগ নেয়। এ নিয়ে দেখা দেয় দু’গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা। খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, পৌর মেয়র আঃ কুদ্দুস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মুন্সী পৌর ছাত্রদলকে অনুরোধ করেন অনুষ্ঠান স্থগিত রাখার জন্যে। তাদের প্রতি সম্মান দেখিয়ে পৌর ছাত্রদলসহ আমন্ত্রিত নেতৃবৃন্দ আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
