বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:০৫

বিশেষ প্রতিনিধি

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব বুদ্ধ পূর্ণিমা উত্সাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার মহাপুলিশ পরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ১৮ মে দেশের প্রায় আড়াই হাজার বুদ্ধ মন্দিরে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে।

সভায় আইজিপি বলেন, বুদ্ধ পূর্ণিমার নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বৌদ্ধ মন্দিরকেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তারা পুলিশ প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাসচিব পি আর বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং সংরক্ষিত মহিলা আসন ৯ এর সংসদ সদস্য বাসন্তী চাকমা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।