নেপালের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার নদীতে ডুবে ছয় তীর্থযাত্রী মারা গেছেন। তারা একটি উত্তাল নদী পার হওয়ার চেষ্টা করার সময় পানিতে ভেসে যান। নেপালের প্রবল মৌসুমী বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় এটি হচ্ছে সর্বশেষ প্রাণহানির ঘটনা।
জেলা পুলিশ কর্মকর্তা মনোহর ঝা এএফপি’কে বলেন, এসব তীর্থযাত্রী পার্শ্ববর্তী একটি হিন্দু মন্দিরে সকালে প্রার্থনার পর কমলা নদী পার হচ্ছিলেন। নদীটি নেপাল ও ভারতের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত।
ঝা বলেন, তারা সফলভাবে নদী পার হয়ে ওই মন্দিরে গেলেও স্থানীয় সময় সকাল ছয়টার দিকে ফিরে আসার সময় পানিতে ডুবে মারা যান। কেননা তারা ফিরে আসার সময় ওই নদীতে প্রবল স্রোত ছিল।
ঝা জানান, এ ঘটনায় সপ্তম তীর্থযাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
