ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীর তল্লাসি অভিযান চলাকালে সংঘর্ষে সন্দেহভাজন ছয় আল কায়দা জঙ্গিসহ মোট ১৩ জন নিহত হয়েছে। গত সোমবার রাজধানীর উত্তরের একটি শহর সুলাইমান বেক এলাকায় এ ঘটনা ঘটে।—খবর ডন ডটকমের।
সেনাবাহিনীর স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আবদুলামির আল জাইদি বলেন, ইরাকে আল কায়দার যে অংশটি রয়েছে তাদেরকে নির্মূলে এদিন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে এবং ৬ জঙ্গি নিহত হয়। তাছাড়া এ ঘটনায় আরো দুই সেনা সদস্য ও পাঁচজন বেসামরিক নিহত হয়। এদের মধ্যে অভিযানকালে একটি সামরিক যানের কাছে বোমা বিস্ফোরণ ঘটলে এক সৈন্য নিহত হয় বলে জানান তিনি।
বিগত পাঁচ বছর ধরে দেশটিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে চললেও তা নিয়ন্ত্রণে একেবারেই ব্যর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী। ফলে সামপ্রতিককালে বাগদাদসহ পুরো অঞ্চলে জঙ্গি দমনে তত্পরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
