মডুলার অবজেক্ট-ওরিয়েন্টেড ডায়নামিক নার্লিং এনভায়রনমেন্ট বা মুডল (Moodle) একটি বিনামূল্যের ই-লার্নিং সফটওয়্যার প্ল্যাটফর্ম, যাকে বলা হয়ে থাকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট। চলতি বছরের জুন মাসের হিসাব পর্যন্ত এটি ব্যবহার করে প্রায় ৮৩ হাজার ওয়েবসাইটের ৭ কোটিরও বেশি মানুষ। মুডল-এর প্রথম সংস্করণটি যার হাত ধরে তৈরি হয়েছে, তার নাম মার্টিন ডগিয়ামাস। ১৯৬৯ সালের আগস্ট মাসে জন্মগ্রহণ করা মার্টিন প্রাথমিক পর্যায়ের পড়ালেখা সম্পন্ন করেন দূরশিক্ষণের মাধ্যমে। অস্ট্রেলিয়ান এই কম্পিউটার বিজ্ঞানী এবং শিক্ষা বিষয়ক গবেষক ১৯৮৬ সালে ক্যারিয়ার শুরু করেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে। ইন্টারনেট এবং ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ শুরু করেন তিনি। এ সময়ে তিনি অনলাইনে শিক্ষা নিয়ে গবেষণা করতে থাকেন এবং নিজের কোর্সগুলো অনলাইন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করতে থাকেন। এ সময়ে ওই বিশ্ববিদ্যালয়ে ওয়েবসিটি নামে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়ে গেলে মেধাস্বত্ত্ব আইনের জন্য তিনি ওপেন সোর্স হিসেবে মুডল ডিজাইন শুরু করেন। অনলাইন শিক্ষা নিয়ে তার বেশকিছু রচনা রয়েছে।
