নটর ডেমের ছাত্র হত্যা

‘নাকিবুলকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে’

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১১
সিদ্ধিরগঞ্জে নটরডেম কলেজের ছাত্র নাকিবুল ইসলাম আলয়কে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে নিশ্চিত হয়েছে পুলিশ। এ হত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত প্রেমিকাসহ ৪ আসামির দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, সোমবার ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেছে। এতে লাশের মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ্য রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিরা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে আরো তথ্যের প্রয়োজনে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুনরায় ৪ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ত্রিভুজ প্রেমের কারণেই নাকিবুল খুন হয়ে থাকতে পারে। নাকিবুলের বাবা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম ছেলের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন এবং বলেন নিরীহ কেউ যেন এ মামলায় হয়রানি না হয়। উল্লেখ্য, ফতুল্লা থানার কোতোয়ালীর কাদিয়ানী রোড এলাকার বাসিন্দা কলেজ ছাত্র নাকিবুল (১৮) গত ২৪ জুলাই নিখোঁজ হয়। এর ২ দিন পর ২৬ জুলাই শীতলক্ষ্যার সিদ্ধিরগঞ্জ বাজার ঘাট থেকে পুলিশ অজ্ঞাত একটি লাশ উদ্ধার করলে লাশটি স্বজনরা কলেজ ছাত্র নাকিবুলের লাশ বলে শনাক্ত করে।