ভাল আছেন নেইমার

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১২
স্বাস্থ্য নিয়ে গোটা বিশ্বে ভক্তদের দুশ্চিন্তা উড়িয়ে দিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। অ্যানিমিয়া ধরা পড়া সত্ত্বেও জোর গলায় গণমাধ্যমকে জানালেন তিনি ভাল আছেন। গতকাল মঙ্গলবার থাইল্যান্ডে নেইমার আরও জানান, বার্সেলোনার হয়ে ভাল খেলার জন্য তিনি মুখিয়ে আছেন। সময়ের অন্যতম প্রতিভাবান স্ট্রাইকার নেইমার রক্তশূন্যতায় ভুগছেন বলে গণমাধ্যমে খবর গত কয়েকদিন ধরেই ছড়িয়ে পড়েছে। আর এমন তথ্যের সত্যতা স্বীকার করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে কাতালানদের পক্ষ থেকে এটাও জানানো হয় যে, নেইমারকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু ঘটেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেটা বলেন, ‘নেইমারের শরীরে লোহিত রক্ত কণিকা কিছুটা কম। লোহিত রক্ত কণিকার ঘাটতি থাকলে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘নেইমার খুব ভালো অবস্থায় বার্সেলোনায় এসেছে। খুব বেশি ফুটবলারকে মৌসুম শুরুর আগে নিখুঁত অবস্থায় পাওয়া যায় না।’ এর এক মাস আগেই টনসিলের অস্ত্রোপচার করা হয় নেইমারের। আর এই সময়ের ডাক্তারি পরীক্ষায়ই নেইমারের রক্তশূন্যতা ধরা পড়ে। আর এই জুনেই ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের দল স্যান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়া নেইমার সবাইকে আশ্বস্ত করে এই সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভাল আছি। অস্ত্রোপচারের পর আমার অবস্থার আগে থেকে অনেক উন্নতি ঘটেছে। আর এই অবস্থায় আমার অনুশীলন চালিয়ে যেতেও কোন সমস্যা নেই। আমি ভাল হয়ে আসছি।’ ২১ বছর বয়সী নেইমার এখন বার্সেলোনার হয়ে আসছে মৌসুম শুরু করতে মুখিয়ে আছেন। মাঠের খেলায় ভাল পারফরম্যান্সের প্রত্যয় ব্যক্ত করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের অন্যতম এই সদস্য বলেন, ‘আশা করি এটা আমার জন্য ‘বিশেষ’ একটি মৌসুম হবে। আমি দ্রুত খেলার ধরনের সাথে মানিয়ে নিতে চাই। বার্সেলোনার হয়ে নিজেকে নিয়ে আমার মধ্যে অনেক ভাল করার প্রত্যাশা কাজ করছে। এখানে আমি অনেক ভাল ফুটবল খেলতে চাই। ক্লাবটির হয়ে অনেক ট্রফি জয় করতে চাই।’ গত জুলাই মাসের ৩০ তারিখ বার্সেলোনার হয়ে অভিষেক হয় নেইমারের। পোল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে লেচিয়া জ্যান্সকের সাথে ২-২ গোলে ড্র করে কোচ জেরার্ডো মার্টিনোর দল। এই পর্যন্ত কাতালানদের হয়ে দুটি ম্যাচ খেলেছেন নেইমার। পোল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচেজ মাঠে ছিলেন ১২ মিনিট। আর সর্বশেষ নিজের সাবেক ক্লাব স্যান্তোসের বিপক্ষে গত শুক্রবার খেলেছেন মোট ৪৫ মিনিট। আজ বুধবার থাইল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ম্যাচেও মূল একাদশের হয়ে মাঠে নামবেন নেইমার দস স্যান্তোস। আর আগামী ১৮ আগস্ট লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে খেলবে নেইমারের দল।