লেবানন মাতালেন ড. ইউনূস কন্যা মনিকা

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৩৬
‘সর্বোত্কৃষ্ট হীরকের মতো দ্যুতি ছড়ানো কণ্ঠ’ যার, সুরের মূর্ছনায় বৈরুত শহর মাতালেন সেই সুকণ্ঠী অপেরা শিল্পী মনিকা ইউনূস। গত বুধবার লেবাননে জোক মাইকেল আন্তর্জাতিক উত্সবের দর্শক-শ্রোতারা মোহিত হন ইউনূসকন্যার জাদুকরী কণ্ঠে। কনসার্ট, আবৃত্তি অথবা অপেরা মঞ্চ- যে কেনো ধরনের পরিবেশনায় দর্শক রোমাঞ্চিত করা মনিকা মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন শুরুর মুহূর্তেই দর্শকরা বিপুল করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। মনিকা প্রথমেই পরিবেশন করেন নেট কিং কোলের ‘এমব্রেসেবেল ইউ’। জোক মাইকেলের রোমান অ্যাম্ফিথিয়েটারে দুই ঘণ্টার এই কনসার্টের দর্শকরা জ্যাজ ও অপেরা সঙ্গীতের এক অনবদ্য সুর প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন। অনুষ্ঠানে মনিকা ছাড়াও জ্যাজ সঙ্গীত শিল্পী জোনাথন বাতিস্ত ও তার ব্যান্ড স্টে হিউম্যানও সঙ্গীত পরিবেশন করেন। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকার জন্ম ১৯৭৯ সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরোসতেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে। তের বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। ছোট বেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা ২০০৪ সালে ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। ২০০৫ সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন। তিনি অপেরা শিল্পী ব্রান্ডন রেনল্ডসকে বিয়ে করেছেন।