উপকূলে পাঁচ ট্রলার ডুবি নিহত ৩, নিখোঁজ ১৪

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৪৯
কক্সবাজার ও কুয়াকাটা উপকূলে আকস্মিক ঝড়ো বাতাসের কবলে পড়ে পাঁচটি ট্রলার ডুবে তিনজন জেলে মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৪ জন। আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজার উপকূলে চারটি ট্রলার ডুবে গেছে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার বঙ্গোপসাগরে চারটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এফবি ইত্তেকাফ সামি নামের একটি ট্রলার সাগর থেকে মাছ ধরে শহরে ফেরার পথে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় ডুবে যায়। ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হলেও তিনজনকে সে সময় পাওয়া যায়নি। পরে বিকাল সাড়ে তিনটার দিকে তাদের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের জসিমউদ্দিন (৩০) ও আবছারউদ্দিন (২৪) এবং টেকনাফের নীলা ইউনিয়নের আবদুল হামিদ (২১)। বোট মালিক সমিতি সূত্র জানায়, এফবি ইত্তেকাফ সামির সকল জেলে নিহত ও আহত অবস্থায় উদ্ধার হলেও ডুবে যাওয়া অন্যান্য ট্রলারের আরো ১০ জেলে নিখোঁজ রয়েছে। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আমাদের কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মঙ্গলবার ১৬ জেলে নিয়ে এফবি মর্জিয়া আক্তার রিমা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। প্রায় তিন ঘণ্টা সাগরে ভাসার পর অপর একটি ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় ডুবে যাওয়া ট্রলারটির ১২ জেলেকে উদ্ধার করে। এখনো চার জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলেন, কক্সবাজার জেলার আবদুল্লাহ (৪৫), নূর বশার (৩০), আলাউদ্দিন (৩৬) ও আলীপুরের কামাল হোসেন (৩০)।