বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার দাবি এখন আর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নয়। এ দাবি যে দেশবাসীর। গত পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে দেশবাসী তা সরকারকে জানিয়ে দিয়েছে। সরকার দাবি না মানলে ঈদের পর এক দফার আন্দোলন শুরু হবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড্যাবের নেতা-কর্মী-সমর্থকদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মির্জা ফখরুল উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুল হক ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।
